ব্যাটিংয়ে নামতে পারবেন তো স্ট্রেচারে মাঠ ছাড়া হৃদয়?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ দল। তবে এদিন চোটের কবলে পড়েছে টাইগাররা। দলের বিপদের মুখে দারুণ ব্যাট করা মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় বাঁ পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন স্ট্রেচারে করে।
যে কারণে প্রশ্ন জেগেছে, হৃদয় কি আর ব্যাট করতে পারবেন? দিন শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন হৃদয়কে নিয়ে বলেন, ‘হৃদয়ের ক্র্যাম্প করেছিল। আশা করছি, রাতে ঠিক হয়ে যাবে। কাল আবার ব্যাট করতে পারবে।’
উইকেটে রান করা খুব সহজ ছিল কি না প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে বোলারদের জন্য কিছু আছে। ভালো বল করলে বোলাররা ভালো কিছু পাবে। আমাদের ব্যাটাররা পরিস্থিতি ভালোভাবে সামলে নিয়েছে। টপ অর্ডার ব্যাটাররা আরও ভালো করতে পারলে আরও ভালো অবস্থানে থাকতাম।’
ঢাকা টেস্টের ফলাফল নিয়ে জানতে চাইলে সালাউদ্দিন জানান, ‘আমার মনে হয় এই টেস্টে ফলাফল আসার সম্ভাবনা খুব বেশি। তবে নির্ভর করছে কালকের দিন ভালো করছি কি না।’