বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

জাতীয়

তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ নেওয়া হচ্ছে উত্তরার বাসায়

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ নিয়ে উত্তরার বাসার উদ্দেশে রওনা হয়েছেন স্বজনরা।

এর আগে, বুধবার বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, তাহসিফ সৌরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মরদেহের পেট ফোলা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করেন সুরতহাল প্রস্তুতকারী কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় নিহতের খালাতো ভাই জহির হাসান মরদেহটি শনাক্ত করেন।

তবে, তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

শেয়ার করুন: