বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ

২৮ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

মিরপুর টেস্টে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ দল। প্রথম দিন শেষে ২১৩ রানে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। তবে শেষ সেশনের খেলা ঠিক মতো না হওয়ায় হতাশ ওয়েস্ট ইন্ডিজ দল।

দিনের খেলা শেষে তাদের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন জোমেল ওয়ারিকান। ক্যারিবিয়ান এই স্পিনার হতাশা প্রকাশ করে বলেছেন, ‘আসলে যখনই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ করা হয়, তখন আমরা সবাই বেশ হতাশ হয়ে পড়ি। কারণ আমরা সবাই চাচ্ছিলাম খেলাটা চালিয়ে যেতে এবং নিজেদের জন্য সুযোগ বের করতে।'

'লিটন ক্রিজে এসেছিল। আমরা চেয়েছিলাম উইকেট বের করতে। হতাশাজনক ছিল অবশ্যই। ক্রিকেটের অংশই এসব। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আম্পায়ারের সিদ্ধান্ত তো মেনে নিতেই হবে।’-যোগ করেন তিনি।

নিজেদের বোলিং নিয়ে ওয়ারিকান বলেছেন, ‘শুরুতে জেডন (সিলস) এবং শামার (জোসেফ) মিলে বেশ শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছে। উপমহাদেশের কন্ডিশনে দারুণ বোলিং ছিল তাদের। তারা বেশ ভালো একটি ভীত গড়ে দিয়েছে। জশুয়া এবং রোস্টন চেয়েছে রান আটকে রাখতে। আমি আসলে আমার দায়িত্ব সম্পর্কে জানি। চেয়েছি সেভাবেই বল করে যেতে। নিজের কাজটা করে যেতে। আজকে করতেও পেরেছি সেভাবে।’

মিরপুরের উইকেট নিয়ে ওয়ারিকান বলেন, ‘উইকেটে ময়েশ্চার আছে। তবে আমরা এত বেশি উইকেট তুলতে পারিনি। চেষ্টা করেছি। চেয়েছি শৃঙ্খলা ধরে রাখতে। সামনে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিতে চাইব।’

শেয়ার করুন: