বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি-এসআই কারাগারে

মাগুরা ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ মাগুরার শালিখায় বিএনপি নেতা মশিয়ার রহমান হত্যা মামলায় থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও সাবেক উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় শালিখা আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক বর্ণালী রানী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। এ ঘটনায় তৎকালীন ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।
জুলাই অভ্যুত্থানের পর মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি ও এসআইসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, বিপ্লব কুমার নাথ শালিখা থানার সাবেক ওসি এবং ইসমাইল হোসেন সাবেক এসআই। তারা এ মামলার এজাহারভুক্ত আসামি। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, শালিখা থানার সাবেক ওসি বিল্পব কুমারকে ২০২৪ সালের আগস্ট মাসের একটি মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।