বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

সাফের টিকিট বিক্রি শুরু আজ, যেভাবে কিনবেন

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ের মাধ্যমে টিকিট কিনতে পারবেন ফুটবলপ্রেমীরা। টিকিটের দাম ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। তবে আগেরবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকি বিক্রিতে ভোগান্তির অভিজ্ঞতা থাকায় এবার টিকিফাই কতটা নির্বিঘ্নে টিকিট বিক্রি করতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

আগামী ৫ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। গ্রুপপর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি টিকিট কিনেই একই দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

টিকিট কিনতে দর্শকদের টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ইভেন্ট পেজে প্রবেশ করতে হবে। সেখান থেকে পছন্দের ম্যাচের দিন ও গ্যালারির শ্রেণি নির্বাচন করে টিকিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। টিকিটের কিউআর কোড অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে প্ল্যাটফর্মটি। একই কিউআর কোড ব্যবহার করে প্রথম যিনি স্টেডিয়ামে প্রবেশ করবেন, তাকেই প্রবেশের অনুমতি দেওয়া হবে।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচটি শ্রেণিতে। সাধারণ গ্যালারির টিকিট ১ হাজার টাকা, ক্লাব হাউস ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, রেড বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বনিম্ন এক হাজার টাকা দিয়ে খেলা দেখার বিষয়টি অনেক দর্শকের জন্য বাড়তি ব্যয়ের কারণ হতে পারে। যাতায়াত ও অন্যান্য খরচও রয়েছে।

টিকিটের দাম প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেছেন, ‘এটা আসলে একটা দিনের পাস। এক দিনে দুটি করে ম্যাচ। গড়ে ম্যাচ প্রতি ৫০০ টাকা করে পড়ছে। গ্রুপ পর্যায়ে আমরা সর্বনিম্ন গ্যালারি টিকিট এক হাজার করেছি। সেমিফাইনালের টিকিটের মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।’

গত বছর বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির দায়িত্বে ছিল টিকিফাই। সে সময় টিকিট বিক্রি শুরু হলে ওয়েবসাইটে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। অনেক দর্শক ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। কেউ কেউ অর্থ পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেন। তখন বাফুফে ও টিকিফাইয়ের পক্ষ থেকে সাইবার হামলার কথা বলা হয়েছিল।

এবার সাফের মার্কেটিং স্বত্ব কেনা টিএসএর কর্মকর্তা সজীব টিকিফাইয়ের ওপর আস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘টিকিফাইয়ের প্রোফাইল এখন বেশ ভালো ৷ মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে টিকিফাইয়ের প্রতি আস্থা রেখেছেন। সব কিছু বিবেচনা করেই টিকিফাইকে আমরা বেছে নিয়েছি।’

এবারের সাফে বাংলাদেশের সঙ্গে ‘এ’গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন: