বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন সরকারের জন্য লিটমাস টেস্ট : ইসলামী আন্দোলন

২৮ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সরকারের জন্য ‘লিটমাস টেস্ট’ হিসেবে অভিহিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, সে বিষয়ে সরকারের সক্ষমতা যাচাই করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আগামী নির্বাচনগুলোতেও সরকারের ওপর আস্থা রাখা হবে। অন্যদিকে, এ নির্বাচনে শক্তি প্রয়োগ, জালিয়াতি বা ছলচাতুরীর আশ্রয় নেওয়া হলে দেশের রাজনীতি আরও অস্থিরতার দিকে যাবে।

তিনি বলেন, সরকারকে আগামীকালের নির্বাচন আদর্শ মানে সম্পন্ন করতে হবে। সরকারি দলের কেউ যাতে কোনো ধরনের অনিয়ম করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা বলেন, তিনি ঠাকুরগাঁও সফর করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ সময় ভোটারদের মধ্যে আগ্রহ দেখেছেন বলেও জানান তিনি।

গত জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রাপ্ত ভোটের যথাযথ প্রতিফলন ঘোষিত ফলাফলে দেখা যায়নি বলে অভিযোগ করেন শেখ ফজলে বারী মাসউদ। তিনি বলেন, এ বিষয়ে সরকারকে আগাম সতর্ক করা হচ্ছে। যে প্রার্থী যত ভোট পাবেন, ফলাফলে তার যথাযথ প্রতিফলন থাকতে হবে। ভোট গণনায় কারচুপির কোনো চেষ্টা বরদাশত করা হবে না।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কমিশনের জন্যও একটি পরীক্ষা। কমিশন কতটা স্বাধীন ও আত্মপ্রত্যয়ী ভূমিকা পালন করতে পারে, তা এই নির্বাচনের মাধ্যমে দেখা যাবে।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্যও তাৎপর্যপূর্ণ। তাই সরকার, নির্বাচন কমিশন ও অংশগ্রহণকারী রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে নির্বাচনটি আদর্শ মানে সম্পন্ন করতে হবে।

শেয়ার করুন: