বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

লিটনের ‘অদ্ভুত’ ব্যাটিংয়ের পর ২৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

২৯ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

ক্রিজে একমাত্র স্বীকৃত ব্যাটার লিটন কুমার দাস। তবুও বারবারই ওভারের শুরুতে সিঙ্গেল রান নিয়ে নন-স্ট্রাইক প্রান্ত বেছে নিচ্ছিলেন তিনি। ফল যা হওয়ার তাই হলো, স্ট্রাইকে যাওয়া সতীর্থরা একে একে ফেরার পর বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭২ রানে গুটিয়ে গেছে। টেল-এন্ডার চার সতীর্থকে বিদায় নিতে দেখা লিটন অপরাজিত ছিলেন ৩৪ রানে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলসের লাফিয়ে ওঠা একটি বল লিটনের কনুইয়ে আঘাত করেছিল। বেশ কয়েকবার ফিজিও ডেকে প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন তিনি। সে কারণেই হয়তো দ্রুত স্ট্রাইক প্রান্ত পরিবর্তনে তাড়া ছিল লিটনের। যদিও তার এই কৌশল অনেকের কাছে অদ্ভুতই ঠেকেছে। সাদমান ইসলামের সেঞ্চুরি সত্ত্বেও তিনশ’র ধারেকাছে যেতে পারেনি বাংলাদেশ। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকান টেস্টে চতুর্থ ফাইফার নিয়েছেন।

শেয়ার করুন: