বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

আর্জেন্টাইন তারকাকে ছেড়ে দিচ্ছে লিভারপুল!

২৮ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

লিভারপুলের মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে তার সঙ্গে চুক্তি নবায়নের আপাতত কোনো পরিকল্পনা নেই ক্লাবটির। ২০২৭ সালের দলবদলের বাজার সামনে রেখে নতুন মিডফিল্ডার দলে নেওয়ার পরিকল্পনা করছে লিভারপুল। সে কারণেই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ২৭ বছর বয়সী এই ফুটবলারের। দলবদলবিষয়ক সাংবাদিক বেন জ্যাকবস জানিয়েছেন, ম্যাক অ্যালিস্টারের সঙ্গে নতুন চুক্তি করার বদলে আগামী বছর অন্তত একজন নতুন মিডফিল্ডার দলে নিতে চায় লিভারপুল।

গত সেপ্টেম্বরে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ার হতাশা প্রকাশ করেছিলেন ম্যাক অ্যালিস্টার। সতীর্থ দমিনিক সোবোসলাই ও রায়ান গ্রাভেনবের্খের চুক্তি নবায়নে খুশি হলেও নিজের ক্ষেত্রে একই সিদ্ধান্ত না আসায় কষ্ট পেয়েছিলেন তিনি। তবে লিভারপুলের হয়ে শেষ দিন পর্যন্ত শতভাগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা।

ম্যাক অ্যালিস্টারের বিকল্প হিসেবে লিভারপুলের সম্ভাব্য পছন্দের তালিকায় রয়েছেন মোনাকোর লামিনে কামারা, রোমার মানু কোনে ও বোর্নমাউথের অ্যালেক্স স্কট। তবে তাদের কাউকেই নিশ্চিতভাবে দলে নেওয়ার সিদ্ধান্ত হয়নি।

শেয়ার করুন: