বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার সংবাদ জগৎ

বিশ্বস্ত সূত্রে বাংলাদেশের প্রতিদিনের খবর

খেলাধুলা

সাদমানের হাফসেঞ্চুরির পর এলবিডব্লিউ শান্ত

২৮ অক্টোবর, ২০২৬ · তথ্যসূত্র: ঢাকা পোস্ট

মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পঞ্চম ওভারে টেস্ট ক্যারিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন সাদমান ইসলাম। তবে আরেকপ্রান্তে নড়বড়ে ছিল নাজমুল হোসেন শান্ত’র ব্যাট। পরের ওভারেই জোমেল ওয়ারিকানের বলে সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হলেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিলেও কাজে আসেনি, তার বিদায়ে ১১০ রানে তৃতীয় উইকেট হারাল স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে পেসারদের জন্য শুরুটা ছিল দাপুটে। গতি আর সুইংয়ের মিশেলে সফরকারী পেসাররা স্বাগতিক ওপেনারদের বেশ চ্যালেঞ্জের মুখে ফেলেন। তবে পরে স্পিনাররা এসেও বেশ টার্ন পেয়েছেন উইকেটে। এসবের মাঝে ২ উইকেটে ৯৬ রান তুলে বাংলাদেশ প্রথম সেশনের খেলা শেষ করে।

ইনিংসে এখন পর্যন্ত নিয়ন্ত্রিত ব্যাটিং করা সাদমান ইসলাম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৯৫ বলে। টেস্ট ক্যারিয়ারে এটি তার দশম এবং ক্যারিবীয়দের বিপক্ষে চতুর্থ ফিফটি। ৫ চারে বাঁ-হাতি এই ওপেনার ইনিংস সাজিয়েছেন। শান্ত’র বিদায়ে বড় জুটির আশায় থাকা বাংলাদেশ হোঁচটই খেলো বলা যায়। দ্বিতীয় উইকেটে মুমিনুল হক ও সাদমানের ৫৯ রানের জুটি এখন পর্যন্ত সর্বোচ্চ।

ওয়ারিকানের বলটি হালকা বাঁক খেয়েছে, তবে স্টাম্প ও ইম্প্যাক্ট লাইনে থাকা ডেলিভারি শান্ত’র পায়ে আঘাত করার পর ‍শুরুতে আম্পায়ার আউট দেননি। রোস্টন চেজ রিভিউ নিলে দেখা যায় বল মিডল-লেগ স্টাম্পে গিয়ে লাগত। ফলে ৪২ বলে ১৬ রান করে ফিরলেন শান্ত। এর আগে তানজিদ হাসান তামিম আউট হন জেইডেন সিলসের অফ স্টাম্পের বাইরে থাকা বলে কানা লাগিয়ে।

শেয়ার করুন: